নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় নাগরিক সেবা আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রশাসক। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করা হচ্ছে। মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ ও ফুটসাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জার উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্কের উন্নয়ন এবং আধুনিক স্লটার হাউস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় গত ৩০ আগস্ট অনুষ্ঠিত কমিটির ১৪তম সভার সিদ্ধান্তগুলো পাঠ ও দৃঢ়ীকরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম,
সচিব সোহেল রানা, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন, প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক আব্দুস সালাম, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
