নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইনসহ মো. গোলাম হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন, একটি সিএনজিচালিত অটোরিকশা ও নগদ ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মোহনপুর উপজেলার পিয়ারপুর গ্রামে ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৫৯ গ্রাম হেরোইন, দুটি মুঠোফোন, একটি সিএনজিচালিত অটোরিকশা ও নগদ ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার গোলাম হোসেন মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুল মান্নান।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গোলাম হোসেনকে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
