নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরএমপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) ভোর সোয়া ৬টার দিকে নগরের কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় লাল মসজিদের বিপরীত পাশের সড়কে এ মিছিল বের করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন এবং এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি মিছিলে বাধা দিলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে এক ব্যক্তি পুলিশকে খবর দিতে গেলে তাঁকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন মিছিলকারীরা।এ ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার মধ্যে বোয়ালিয়া মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই মিছিলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরএমপি জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
