আজ- , ,

রাজশাহীর বৃহত্তম বিজ্ঞানভিত্তিক সংগঠন আরজেপির প্রথম ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশিত

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীল চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশ করেছে রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি)। সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত ‘আরজেপি টেক ফেস্ট ২০২৬’-এর স্মৃতি, অভিজ্ঞতা ও আলোকচিত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে ম্যাগাজিনটি। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর আমানা ফুডভিলের হলরুমে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরজেপি সভাপতি তারেক আবরার। প্রধান অতিথি ছিলেন ম্যাগাজিনের সম্পাদক ও রুয়েটের স্থাপত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস ফুয়াদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইসফার হোসেন, দপ্তর সম্পাদক আফিফ নাজি এবং ম্যাগাজিনের সহযোগী সম্পাদক নুসাইব আরাফাত।

ম্যাগাজিনটির উদ্দেশ্য সম্পর্কে সম্পাদক নাফিস ফুয়াদ বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি মানুষকে চিন্তা করতে এবং প্রশ্ন করতে শেখায়। ‘ভারটেক্স’ ম্যাগাজিনের মাধ্যমে আমরা এমন একটি পাঠপরিসর তৈরি করতে চাই। যেখানে প্রযুক্তির জ্ঞান, সৃজনশীলতা শেখা ও চর্চা একসঙ্গে বিকশিত হবে।”

ম্যাগাজিনটিতে বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রবন্ধের পাশাপাশি কবিতা, গল্প এবং বিভিন্ন সাহিত্যধর্মী ও জ্ঞানভিত্তিক রচনা স্থান পেয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের জ্ঞানচর্চার সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সংযোগ তৈরির পাশাপাশি প্রযুক্তি বিষয়ে তাদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরজেপি সভাপতি ও রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক আবরার বলেন, “আমাদের লক্ষ্য কেবল শিক্ষার্থীদের প্রযুক্তির ব্যবহার শেখানো নয়। বরং তাদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও সমস্যা সমাধানের মানসিকতা গড়ে তোলা। ‘ভারটেক্স’ সেই লক্ষ্য বাস্তবায়নে একটি বুদ্ধিবৃত্তিক উদ্যোগ। এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের জ্ঞানচর্চার সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেবে।”

আরজেপির উদ্যোগে প্রকাশিত সংগঠনটির বার্ষিক এই সাময়িকী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি সমিতি (বিএসটিএস)। ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

উল্লেখ্য, রাজশাহী অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চর্চায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপি রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে পরিচালিত। রাজশাহী বিভাগের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, প্রোগ্রামিং চর্চার প্রসার এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর নেতৃত্ব গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
12 November 2026

রাজশাহীর বৃহত্তম বিজ্ঞানভিত্তিক সংগঠন আরজেপির প্রথম ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশিত

www.prokashkal.com |
/Prokashkal