আজ- , ,

রাজশাহীর ক্রীড়া, বিনোদন ও পর্যটন বিকাশে রাজশাহী টার্ফের অঙ্গীকার

বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ এবং গুজবে কান না দেওয়ার আহ্বান

by Prokash Kal

অফিশিয়াল বিবৃতি:

রাজশাহীবাসীর আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে রাজশাহী টার্ফ। প্রতিষ্ঠার পর থেকে আমরা কেবল একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাইনি; বরং রাজশাহীর ক্রীড়াঙ্গন, বিনোদন ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।

রাজশাহী টার্ফের এই পথচলার মূল ভিত্তি হলো প্রতিশ্রুতি, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি ভালোবাসা। দীর্ঘদিনের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি অর্ধশতাধিক পরিবারের জীবিকা ও কর্মসংস্থানের সঙ্গে প্রতিষ্ঠানটি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। এসব পরিবারের সুখে-দুঃখে যথাসাধ্য পাশে থাকা এবং একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা পালন করাকে আমরা আমাদের অন্যতম অঙ্গীকার হিসেবে বিবেচনা করি।

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার বৃহৎ লক্ষ্য নিয়ে ২০২৪ সালে একদল স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগে যাত্রা শুরু করে রাজশাহী টার্ফ। সেই যাত্রা থেকে আজ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। একই সঙ্গে প্রতিষ্ঠানের আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রচার-প্রচারণার আড়ালে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ব্যয় করে আসছি।

রাজশাহীর প্রথম টার্ফ গ্রাউন্ড হিসেবে ‘রাজশাহী টার্ফ ১.০’ প্রতিষ্ঠা ও সফলভাবে পরিচালনার মধ্য দিয়ে আমাদের এই যাত্রার সূচনা। পরবর্তী সময়ে ‘রাজশাহী টার্ফ ২.০’, আধুনিক ও প্রিমিয়াম সুইমিংপুল এবং রেস্টুরেন্ট অ্যান্ড ফুড জোন প্রতিষ্ঠার মাধ্যমে নগরবাসীর জন্য ক্রীড়া ও বিনোদনের নতুন সুযোগ তৈরি করেছি। প্রতিটি উদ্যোগের পেছনে আমাদের উদ্দেশ্য ছিল একটাই—রাজশাহীবাসীকে নিজ শহরেই মানসম্মত ক্রীড়া, বিনোদন ও অবকাশযাপনের সুযোগ করে দেওয়া।

এই ধারাবাহিকতায় পদ্মা নদীকে কেন্দ্র করে রাজশাহীর পর্যটন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে আসি প্রিমিয়াম হাউসবোট ‘সোনার তরী’। রাজশাহীর পদ্মায় পর্যটনভিত্তিক বিনোদনের নতুন ক্ষেত্র তৈরির এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের জন্য একটি স্বপ্নের বাস্তবায়ন। আমরা চেয়েছি, পদ্মার সৌন্দর্যকে ঘিরে স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি রাজশাহীর পর্যটন খাতেও নতুন পরিচিতি তৈরি হোক।

আমরা সবসময় বিশ্বাস করি, একটি ইতিবাচক উদ্যোগের সাফল্য তখনই পূর্ণতা পায়, যখন সেই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করে। আমাদের পথচলা অনুসরণ করে রাজশাহীতে একাধিক টার্ফ গ্রাউন্ড গড়ে ওঠা আমাদের কাছে আনন্দের বিষয়। কারণ, এতে তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ছে এবং রাজশাহীর ক্রীড়াঙ্গন আরও বিস্তৃত হচ্ছে। আমরা কখনোই সুস্থ প্রতিযোগিতাকে বাধা হিসেবে দেখিনি; বরং প্রতিযোগিতাকে উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করেছি।

একইভাবে ‘সোনার তরী’র আগমনের পর রাজশাহীর পদ্মায় আরও হাউসবোট পরিচালনার বিষয়ে অন্যান্য উদ্যোক্তাদের আগ্রহ প্রকাশকে আমরা ইতিবাচকভাবে দেখছি। রাজশাহী টার্ফ মনে করে, ব্যবসায় প্রতিযোগী মানেই প্রতিপক্ষ নয়; বরং সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে একজন উদ্যোক্তা অন্য উদ্যোক্তার সহযোগী হয়ে উঠতে পারেন। রাজশাহীর উন্নয়ন ও পর্যটন বিকাশে যত বেশি উদ্যোক্তা এগিয়ে আসবেন, তত বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আমাদের মনে রাখতে হবে, রাজশাহীকে একটি সম্ভাবনাময় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ আজ আমাদের সামনে। এই উদ্যোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখনই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আজ আমরা উদ্যোগী না হলে হয়তো আগামী প্রজন্মকে এই সম্ভাবনা বাস্তবায়নের জন্য আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আমাদের ‘সোনার তরী’ কিংবা ভবিষ্যতে রাজশিয়ায় আসা অন্য কোনো হাউসবোট যদি পদ্মায় পরিচালনার ক্ষেত্রে বাধার মুখে পড়ে, তাহলে উদ্যোক্তারা হয়তো অন্য কোনো পর্যটনকেন্দ্র—ঢাকার পদ্মা কিংবা টাঙ্গুয়ার হাওরকে বেছে নেবেন। কিন্তু তাতে সম্ভাবনার জায়গাটি হারাবে আমাদের রাজশাহী। বঞ্চিত হবে রাজশাহীর মানুষ, স্থানীয় উদ্যোক্তা ও কর্মসংস্থানের প্রত্যাশায় থাকা পরিবারগুলো।

এতসব ইতিবাচক উদ্যোগের মধ্যেও দুঃখজনকভাবে আমাদের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর ও অযৌক্তিক তথ্য প্রচার করা হচ্ছে। রাজশাহী টার্ফের দাবি, কতিপয় স্বার্থান্বেষী মহল উদ্যোক্তাদের নিরুৎসাহিত ও বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরির যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

আমরা মনে করি, কোনো উদ্যোগের বিষয়ে প্রশ্ন, আপত্তি কিংবা ভিন্নমত থাকতেই পারে। তবে তা অবশ্যই তথ্য, যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে হওয়া উচিত। একটি সম্ভাবনাময় উদ্যোগকে বাধাগ্রস্ত না করে বরং প্রয়োজনীয় পরামর্শ, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে এগিয়ে নেওয়াই হওয়া উচিত সবার সম্মিলিত প্রচেষ্টা।

রাজশাহী টার্ফ বরাবরই রাজশাহীর পরিবেশ, ক্রীড়াঙ্গন, বিনোদন ও পর্যটন খাতের ইতিবাচক বিকাশে ভূমিকা রাখার চেষ্টা করেছে। আগামীতেও এই অঙ্গীকার ও দায়িত্ববোধ নিয়ে আমাদের পথচলা অব্যাহত থাকবে। আমরা চাই, রাজশাহী শুধু বসবাসের শহর নয়, বরং ক্রীড়া, বিনোদন ও পর্যটনের ক্ষেত্রেও দেশের অন্যতম আকর্ষণীয় নগরী হিসেবে পরিচিতি লাভ করুক।

পরিশেষে, রাজশাহীর সর্বস্তরের নাগরিক, শুভানুধ্যায়ী, গণমাধ্যমকর্মী ও দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা যাচাই-বাছাইহীন তথ্যে বিভ্রান্ত হবেন না। রাজশাহী টার্ফের কোনো কার্যক্রম, পরিকল্পনা কিংবা উদ্যোগ সম্পর্কে জানার প্রয়োজন হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম সরেজমিনে যাচাই করার জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

আমরা বিশ্বাস করি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই গড়ে উঠতে পারে আমাদের স্বপ্নের রাজশাহী।

রাজশাহী টার্ফ কর্তৃপক্ষ

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
12 November 2026

রাজশাহীর ক্রীড়া, বিনোদন ও পর্যটন বিকাশে রাজশাহী টার্ফের অঙ্গীকার

www.prokashkal.com |
/Prokashkal