
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে হাসপাতালে চিকিৎসাধীন স্বজনদের সঙ্গে অবস্থানকালে। নিহত শিশু আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও মোসা. শিরিনার সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বড় বোন খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৪ নভেম্বর থেকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। এদিকে শিশুটির বাবা মো. হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।
এ সময় ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলার মধ্যে কোনো এক সময় শিশুটি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় হাসপাতালের নির্মাণাধীন ভবনের নিরাপত্তাব্যবস্থা ও বারান্দায় সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
