
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী জেলা পুলিশের গোদাগাড়ী সার্কেলে দায়িত্বে পরিবর্তন এসেছে। বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা এবং নবাগত কর্মকর্তাকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার নবাগত সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমের কাছে হস্তান্তর করেন।
বিদায়ী বক্তব্যে মীর্জা মো. আব্দুস সালাম রাজশাহী জেলা পুলিশে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। পরে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি ছাড়পত্র গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ টি এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
