আজ- , ,

যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, মামলায় সাবেক ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়ায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার তিনজনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত সোয়া ১২টার দিকে ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

মামলার তদন্তে নেমে ডিবি পুলিশ রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল (২৭) ও সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসানকে (২৬) গ্রেপ্তার করে। হাসপাতালের পরিচালকের কক্ষে শিক্ষার্থীরা তাঁদের আটকে রাখার পর পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এ ছাড়া মামলার আরেক আসামি সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফকে (২২) গত ১০ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ।
পরে গ্রেপ্তার তিনজনকে চন্দ্রিমা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
আরএমপি জানিয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
12 November 2026

যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, মামলায় সাবেক ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal