নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন অলিভ অয়েল ও ব্রেড জব্দ করেছে সামারি ট্রায়াল কোর্ট। একই সঙ্গে এসব পণ্য বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেকের নেতৃত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিস, রাজশাহীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শালবাগানের মেসার্স আলম ফিলিং স্টেশনের অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপ করা হয়। সেখানে সঠিক পরিমাপ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
পরে বিজিবি গেট এলাকার কনক কনফেকশনারিতে বিভিন্ন পণ্য যাচাই করা হয়। এ সময় অনুমোদনহীন অলিভ অয়েল ও ব্রেড পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। একই সঙ্গে এসব পণ্যের সরবরাহকারীকে সাত কর্মদিবসের মধ্যে বিএসটিআই রাজশাহী কার্যালয়ে উপস্থিত হয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অনুমোদনহীন সব পণ্য বিক্রি বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া শালবাগান কাঁচাবাজারের মাছ, মাংস, ফলমূল ও সবজির দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র পরীক্ষা করা হয়। এসব যন্ত্রে সঠিক পরিমাপ পাওয়া যাওয়ায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয়। ভোক্তাদের সঠিক পরিমাপ নিশ্চিত করার পাশাপাশি বাজারের দোকানগুলোতে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গুণগত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীরা যাতে অসাধু ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন, সে জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।
অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
