
নিজস্ব প্রতিবেদক:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নারী বিভাগে কর্ণহার থানা এবং পুরুষ বিভাগে শাহমখদুম থানা চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি মো. ফারুক হোসেন।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারী বিভাগে দামকুড়া ও কর্ণহার থানা এবং পুরুষ বিভাগে এয়ারপোর্ট ও শাহমখদুম থানা ফাইনালে ওঠে। ফাইনালে নারী বিভাগে দামকুড়া থানাকে হারিয়ে কর্ণহার থানা এবং পুরুষ বিভাগে এয়ারপোর্ট থানাকে হারিয়ে শাহমখদুম থানা চ্যাম্পিয়ন হয়। দুই বিভাগেই পরাজিত দল রানার্সআপ হয়েছে।
প্রতিযোগিতায় বালক বিভাগে শাহমখদুম থানার শুভ ইসলাম এবং বালিকা বিভাগে কর্ণহার থানার সুনাইরা আক্তার রানী সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল ম্যাচ ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই বিভাগের খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণ ও খেলোয়াড়দের নৈপুণ্যে ছিল টানটান উত্তেজনা। আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ মুখর হয়ে ওঠে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রতিযোগিতা সফলভাবে আয়োজন ও সম্পন্ন করায় আয়োজক কমিটি, খেলোয়াড়, কোচ, ম্যানেজার, অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। নারী দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি উভয় বিভাগের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
পুলিশ কমিশনার বলেন, প্রতিযোগিতা থেকে একটি সেরা দল গঠন করে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে খেলোয়াড়দের আরও ভালোভাবে প্রস্তুত করা হবে এবং আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি যুবসমাজকে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদক ও ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। মাদকমুক্ত ও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলতে জনগণের পাশে থেকে আরএমপি কাজ করে যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্যসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
