আজ- বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরের লক্ষ্মীপুরের বাকির মোড় এলাকায় ব্যবসায়ী বারিউল ইসলাম ওরফে বারী হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। গ্রেপ্তার দুজন হলেন মো. ইসরাইল (৩০) ও মো. হানিফ (৪৫)। মামলায় ইসরাইল ৭ নম্বর এবং হানিফ ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।

এসআরবি-৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত ৩টা ৫ মিনিটে রাজশাহী নগরের রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইসরাইলকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ডিঙ্গাডোবা মিশন গেট রেলক্রসিংয়ের পাশের একটি মুদি দোকান থেকে হানিফকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুরের বাকির মোড় এলাকায় পূর্বশত্রুতার জেরে বারিউল ইসলামের ওপর হামলা চালানো হয়। এ সময় প্রায় ২০ জন নামধারী এবং ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, রামদা, হাসুয়া, লোহার রড ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

হামলায় গুরুতর আহত বারিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় হামলাকারীরা তাঁর দোকানে ভাঙচুর, লুটপাট ও পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। বারিউলকে রক্ষা করতে গিয়ে ইমামুল ইসলাম নামের আরও একজন আহত হন।

এ ঘটনায় নিহত বারিউলের স্ত্রী বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৪৪৮, ৪৬১, ৩৮০, ৩২৫, ৩০২, ৪৩৬, ৪২৭, ১১৪, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসআরবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

You may also like

Leave a Comment

শিরোনাম: