
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হেতালখালিতে দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া একটি ইটের রাস্তা সংস্কারে এগিয়ে এসেছে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন ও স্থানীয় যুবসমাজ। ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় স্থানীয়দের দুর্ভোগ বিবেচনায় স্বেচ্ছাসেবী ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটির জরুরি সংস্কারকাজ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হেতালখালি ফুজু গাজীর ব্রিজ থেকে আবুল কালাম মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কটির সংস্কারকাজ শুরু হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানের ইট উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী কৃষক ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এলাকাবাসি জানান রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি একাধিকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদেরকে জানানো হয়েছে। তবে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় তাৎক্ষণিকভাবে রাস্তাটির সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে তাদের জানানো হয়।
পরে বিষয়টি হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির সদস্যরা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে জরুরি সংস্কারের উদ্যোগ নেন। স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অংশে ইট বসানো ও চলাচলের উপযোগী করার কাজ শুরু করা হয়।
হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম এ রশিদ বলেন রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল। স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে আলোচনা করি। ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আমরা নিজেদের উদ্যোগে জরুরি সংস্কারের কাজ শুরু করেছি। মানুষের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ করতে চাই।
সংস্কারকাজে অংশ নেন হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম এ রশিদ সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক আব্দুল হালিম উপদেষ্টা গাজী রবিউল ইসলাম সমাজসেবক মো. আব্দুল্লাহ আল মামুন মো. আব্দুল্লাহ গাজী মিকাইল হোসেন মিয়ারাজ হোসেনসহ ফাউন্ডেশনের সদস্যরা ও হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার সভাপতি ডাঃ হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডাঃ মনিরুল ইসলাম সহ স্থানীয়রা
ফাউন্ডেশন কে রাস্তা সংস্কারের কাজে আর্থিক সহায়তা করেছেন ফাউন্ডেশনের উপদেষ্টা সমাজসেবক গাজী রবিউল ইসলাম সমাজসেবক আবুল কালাম আজাদ সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার) সমাজসেবক মো. আব্দুল্লাহ আল মামুন ডা. মো. হাবিবুল্লাহ সহ স্থানীয় এলাকাবাসী ।
এলাকাবাসিরা বলেন দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় চলাচলে সমস্যা হচ্ছিল। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয় সংগঠন ও যুবসমাজ এগিয়ে আসায় আপাতত চলাচলের সমস্যা কিছুটা কমবে বলে তারা আশা করছেন।
তবে স্থানীয়দের দাবি স্বেচ্ছাসেবীদের উদ্যোগে জরুরি সংস্কারের কাজ হলেও রাস্তাটির স্থায়ী ও টেকসই সংস্কারের জন্য সরকারি বরাদ্দ প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে ভবিষ্যতে রাস্তাটির পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘমেয়াদে এলাকাবাসীর দুর্ভোগ কমবে।
