
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
রাসিক সূত্রে জানা গেছে, বর্জ্য অপসারণে একটি এক্সকাভেটর ও ১৪ দশমিক ৭৫ টন ধারণক্ষমতার তিনটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে এসব যানবাহন মোট ৪৪টি ট্রিপ দিয়ে ক্যাম্পাসে জমে থাকা বর্জ্য অপসারণ করে। এতে দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য সরিয়ে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশনের এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
