আজ- বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু 

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. মেহেরাব হোসাইন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মেহেরাব হোসাইনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পালবাজার এলাকায়। পরিবার ও ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়ার পর প্রথমে তিনি কুমিল্লায় চিকিৎসা নেন। সে সময় তাঁর শরীরে ক্যান্সার শনাক্ত হয়নি। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি রুয়েট ক্যাম্পাসে ফিরে আসেন এবং কয়েকদিন নিয়মিত ক্লাসেও অংশ নেন।

তবে পরবর্তীতে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মেহেরাবের মৃত্যুর খবর রুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর বন্ধু রাগিব জানান, মেহেরাবের অসুস্থতা ও চিকিৎসার বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ও অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও বন্ধুরা গভীরভাবে শোকাহত।

মেহেরাব হোসাইনের অকালমৃত্যুতে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন—এমন প্রার্থনা জানিয়েছেন তাঁর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: