আজ- , ,

ফর্মুলা স্টুডেন্ট কার নির্মাণে রুয়েটের ‘টিম অ্যানেক্স’

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

ফর্মুলা কার্ট নির্মাণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে প্রকৌশল দক্ষতা প্রদর্শনের লক্ষ্যে কাজ শুরু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম অ্যানেক্স রুয়েট’। প্রথমবারের মতো ফর্মুলা স্টুডেন্ট কার নির্মাণ করছে দলটি। ২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য ফর্মুলা স্টুডেন্ট চায়না (এফএসসি) প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন দলের সদস্যরা।

৪৫ সদস্যের দলটি ইতোমধ্যে গাড়ির প্রাথমিক নকশা, সিমুলেশন, চ্যাসিস নির্মাণ ও চাকা অ্যাসেম্বলির মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। বর্তমানে সাসপেনশন ও স্টিয়ারিং সিস্টেমসহ অন্যান্য যান্ত্রিক অংশের উন্নয়ন নিয়ে কাজ চলছে। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে গাড়িটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি ও অভিজ্ঞতা রয়েছে টিম অ্যানেক্সের। ২০২৩ সালে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত ফর্মুলা কার্ট ডিজাইন কম্পিটিশনের সপ্তম আসরে অংশ নিয়ে বিজনেস টিম বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করে দলটি। ২০২৫ সালেও একটি পূর্ণাঙ্গ ফর্মুলা কার্ট নির্মাণ করেছিল তারা। তবে ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ২০২০ সালে ফর্মুলা স্টুডেন্ট চেক রিপাবলিক প্রতিযোগিতাকে সামনে রেখে আরেকটি কার্ট তৈরি করলেও কোভিড পরিস্থিতির কারণে অংশগ্রহণে বাধা আসে। ২০১৯ সালে নাসা আয়োজিত নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জেও (এইচইআরসি) অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে দলটির।

পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ফর্মুলা স্টুডেন্ট কার নির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় দলটি। এ লক্ষ্যে সদস্যদের আটটি সাব-টিমে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাব-টিমগুলো হলো—টেকনিক্যাল, ডিজাইন, ইলেকট্রিক্যাল, বিজনেস, পিআর অ্যান্ড মিডিয়া, ম্যানুফ্যাকচারিং, লেজিসলেটিভ এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড সেফটি। গাড়ির নকশা প্রণয়ন থেকে শুরু করে যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা, উৎপাদন, ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজগুলো এসব দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে টিম অ্যানেক্সের ক্যাপ্টেন ও যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নোমান জামান দিপু বলেন, “আমাদের ইতোমধ্যে প্রাথমিক ডিজাইন, সিমুলেশন এবং চ্যাসিসের ফেব্রিকেশন শেষ। এখন আমরা সাসপেনশন এবং স্টিয়ারিং সিস্টেম নিয়ে কাজ করছি। সঠিক সময়ের মধ্যে গাড়ির সম্পূর্ণ কাজ শেষ করার ব্যাপারে আমরা আশাবাদী।”

গাড়িটির চ্যাসিস ও চাকা অ্যাসেম্বলির কাজ সম্পন্ন হলেও অন্যান্য যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা নির্মাণ, বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এখনও বাকি রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ শেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী গাড়ি প্রস্তুত করাই এখন দলটির প্রধান লক্ষ্য।

প্রকল্পটির সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলামসহ বিভাগের কয়েকজন শিক্ষক।

আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতির পাশাপাশি গাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, কারিগরি সহায়তা ও সরঞ্জাম সংগ্রহও দলটির জন্য গুরুত্বপূর্ণ। এসব সহযোগিতা নিশ্চিত করে ফর্মুলা স্টুডেন্ট কার নির্মাণের মাধ্যমে নিজেদের উদ্ভাবনী সক্ষমতা ও ব্যবহারিক প্রকৌশল দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চায় ‘টিম অ্যানেক্স রুয়েট’।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
21 October 2026

ফর্মুলা স্টুডেন্ট কার নির্মাণে রুয়েটের ‘টিম অ্যানেক্স’

www.prokashkal.com |
/Prokashkal