আজ- মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আর্কসামিটে রুয়েট শিক্ষার্থীদের পুরস্কার অর্জন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আর্কসামিট-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার দুটি পৃথক ইভেন্টে অংশ নিয়ে রুয়েটের দুটি দল দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

গত ৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী বাংলাদেশ আর্কসামিট-২০২৬-এর আয়োজন করে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নগরায়নের বিভিন্ন জটিল চ্যালেঞ্জের উদ্ভাবনী ও টেকসই সমাধান উপস্থাপন করে ‘আরবান হ্যাকাথন’ ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে রুয়েটের তিন সদস্যের একটি দল। দলের সদস্যরা হলেন দেওয়ান শাহরিয়ার পারভেজ সৌমিত, ইশরাক ওয়াসি খান ও রাহিদ বিন জাফর সামি।

অন্যদিকে, স্থাপত্য, নকশা ও নির্মিত পরিবেশবিষয়ক জ্ঞান ও দক্ষতার পরিচয় দিয়ে কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে রুয়েটের আরেকটি দল। দলের সদস্যরা হলেন তাসমিয়া লাবণ্য, জান্নাতুল ফেরদৌস চৌধুরী মিম ও রামিশা মহসিন।

এ ছাড়া একই বর্ষের শিক্ষার্থী সোহান ফেরদৌস ‘ইম্প্রমটু পলিটিকো’ শীর্ষক পর্বে তাৎক্ষণিক বক্তব্যের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

বাংলাদেশ আর্কসামিট-২০২৬-এ রুয়েটের শিক্ষার্থীদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক জেড. এইচ. এম. মঞ্জুর মোর্শেদ।

You may also like

Leave a Comment

শিরোনাম: