নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে স্বর্ণের বার বলে লোহার তৈরি সোনালি প্রলেপযুক্ত বার বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ। এ সময় ৪১টি নকল বার উদ্ধার করা হয়েছে। এগুলোর মোট ওজন ৪ কেজির বেশি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার জাহিদ হোসেন (২৮)।
পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশায় তল্লাশি চালানোর সময় তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে যান। পরে অপর দুই যাত্রীর দেহ তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও কসটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বার পাওয়া যায়।
পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হয়। এতে দেখা যায়, বারগুলোর ওপরের সোনালি প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার তৈরি বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সেগুলো স্বর্ণের বার হিসেবে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোডে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
