
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবী। এ সময় ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মহানগরীর কাটাখালী, দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে কাটাখালী থানার পুলিশ চক কাপাশিয়া উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মলি বেগম (৪০) ও আক্তার হোসেনকে (৫৩) গ্রেপ্তার করে। এ সময় মলি বেগমের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং আক্তার হোসেনের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় আক্তার হোসেনকে মাদকাসক্ত হিসেবে শনাক্ত করেন চিকিৎসক। এ সময় ইয়াকুব আলী নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে দামকুড়া থানার পুলিশ জোতরাবন গ্রামে অভিযান চালিয়ে রাকিবুল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সকাল পৌনে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানার পুলিশ হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফ সরকার পিয়াসকে (২১) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে, দুপুর সোয়া ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার হড়গ্রাম নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সেন্টু হোসেন (৩৮) ও রাশেদকে (২৪) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সেন্টু হোসেনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মলি বেগম ও পলাতক ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে একসঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ইয়াকুব আলীর বিরুদ্ধে চারঘাট থানায় একটি এবং আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
