নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যরা অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করেন। নারীশিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গঠনে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে মাহফুজুর রহমান রিটন সুবর্ণজয়ন্তী উদ্যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল আখতার, সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব আখতার বানুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
