মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মোঃ আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) শিশুটির মা মোছা. নুরুন্নাহার খাতুন (৩৯) বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আব্দুর রহমান উপজেলার পোরজনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে শিশুটিকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৩ অক্টোবর বিকেল ৩টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করার সময় তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টা ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটির চিৎকারে অভিযুক্ত তাকে ছেড়ে দিলে সে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
