এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী হরিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৭ ই নভেম্বর মঙ্গলবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পাঁচজন এবং সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৩৫ জন ভোটারের মধ্যে ৪১০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে ১৬৪ ভোট পেয়ে আবু হাসান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান চশমা প্রতীকে ১০১ ভোট, বাবলুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৮৯ ভোট, মোতালেব হোসেন ছাতা প্রতীকে ৩০ ভোট এবং আবুল কাশেম আনারস প্রতীকে ২৫ ভোট পেয়েছেন।
অন্যদিকে, সদস্য পদে বল প্রতীকে ২৬৩ ভোট পেয়ে শরিফুল ইসলাম সাগর এবং মোরগ প্রতীকে ১৭২ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে আব্দুর রশিদ পান প্রতীকে ১১৩ ভোট, জামাল হোসেন তালাচাবি প্রতীকে ৯৪ ভোট, নাজমুল টিউবওয়েল প্রতীকে ৬৩ ভোট এবং আব্দুল হামিদ কলস প্রতীকে ২৫ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ২৫ নম্বর মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন এবং ১৩৩ নম্বর ছোট ভেটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরুখ গহর।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্যামনগর থানা পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
