আজ- , ,

সীমান্ত থেকে নগরী—গোদাগাড়ীর মাদকের বিস্তৃত নেটওয়ার্ক

হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নিয়ন্ত্রিত কারবার, বিলাসবহুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ; গোয়েন্দা তালিকায় ১৮৪ জনের নাম!

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকের বিস্তার যেন কিছুতেই থামছে না। সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে মাদক সরবরাহ ও বেচাকেনার একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক—এমন অভিযোগ স্থানীয়দের। চরাঞ্চল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন এলাকা পেরিয়ে সেই নেটওয়ার্কের বিস্তৃতি ঘটেছে রাজশাহী মহানগরীতেও। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত একটি চক্র বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছে। কেউ কিনেছেন জমি ও ফ্ল্যাট, আবার কেউ গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। এসব সম্পদের উৎস নিয়েও উঠেছে প্রশ্ন।

অনুসন্ধানে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গোদাগাড়ীর চর আলাতলী ইউনিয়নের চর কোদালকাটি, চর আশুরিয়া ও দাহ এলাকার কিছু ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সীমান্তবর্তী অবস্থানের কারণে এসব এলাকায় মাদক প্রবেশ ও সরবরাহের সুযোগ তৈরি হয় বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থে কারও কারও সম্পদের পরিমাণ বেড়েছে অস্বাভাবিকভাবে। রাজশাহী মহানগরীর উপশহর, পদ্মা আবাসিক এলাকা ও তেরখাদিয়ার ডাবতলা এলাকায় জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনার তথ্যও আলোচনায় এসেছে। এসব সম্পদের প্রকৃত উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন খতিয়ে দেখার দাবি উঠেছে।

ফোনে কথা নয়, যোগাযোগের মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মাদক কারবারিরা যোগাযোগের ক্ষেত্রে নতুন কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ মোবাইল ফোনে কথা বলার পরিবর্তে হোয়াটসঅ্যাপ, ইমো ও টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মাদক কেনাবেচার সমন্বয় করা হচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে।

এ ছাড়া অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার এবং ভারতীয় সিমের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনার তথ্যও পাওয়া গেছে। এতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। আশ্চর্যের বিষয় হলো, অনেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি এগিয়ে না থাকলেও ডিজিটাল যোগাযোগমাধ্যম ব্যবহারে বেশ দক্ষ।

চরাঞ্চল ছাড়িয়ে শহরমুখী মাদক কারবার
গোদাগাড়ীর চরাঞ্চলের বাইরেও মাদারপুর, ডিমভাঙ্গা, তালতলা, মহিষালবাড়ী ও সুলতানগঞ্জসহ একাধিক এলাকায় মাদক কারবারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি বিবেচনায় কারবারের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি নিজ এলাকা ছেড়ে রাজশাহী মহানগরীতে অবস্থান নিয়ে ভিন্ন কৌশলে তৎপরতা চালাচ্ছেন।
সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকে নিজেদের পরিচয় ও কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছেন তাঁরা। ফলে বাইরে থেকে তাঁদের কার্যক্রম বোঝা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এ অবস্থায় গোদাগাড়ী থেকে মহানগর পর্যন্ত মাদকের সরবরাহব্যবস্থা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক চিহ্নিত করা জরুরি হয়ে উঠেছে।

অনুসন্ধানে যেসব নাম, উঠেছে অভিযোগ
অনুসন্ধানে পাওয়া স্থানীয় সূত্রের তথ্যে মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনের নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন গোদাগাড়ী এলাকার টিটি মোশাররফ ও জসিম, মাদারপুরের মজিবরের ছেলে টিপু, চর কোদালকাটির পিয়ারুল, চর কোদালকাটির জালাপাড়া এলাকার তরিকুল, মহিষালবাড়ী কলেজপাড়ার মোহন, চর কোদালকাটির হাসেম, সারাংপুরের অনারুল বিশ্বাসের ছেলে রুমেল এবং পোয়া বাবু ও চর বাগডাঙ্গা এলাকার আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও গোদাগাড়ী এলাকার সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ ও মাদকের গড ফাদার টিপু।

স্থানীয় সূত্রের দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে এরা স্বল্প সময় একাধিক মোবাইল নাম্বার পরিবর্তন সহ নিজের অবস্থান ও পরিবর্তন করে। ফলে এদের সাথে যোগাযোগ বা মুঠো ফোনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোয়েন্দা তালিকায় ১৮৪ জনের নাম থাকার দাবি
সংশ্লিষ্ট সূত্রের দাবি, গোদাগাড়ী এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ১৮৪ জনের একটি তালিকা গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তাঁদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারসংক্রান্ত মামলা থাকার কথাও জানা গেছে।
গত বছর সাড়ে ছয় কেজি হেরোইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারী তারেক। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
তার আয়ের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বৈধ ব্যবসার আড়ালে অবৈধ আয়ের অভিযোগ
মাদক কারবারের অর্থ আড়াল করতে কেউ পুকুরের ব্যবসা, কেউ বড় আকারের মুরগির খামার, আবার কেউ গরুর খামার গড়ে তুলেছেন বলে স্থানীয়দের অভিযোগ। এসব ব্যবসার আড়ালে মাদক কারবারের অর্থ বিনিয়োগ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
সচেতন মহলের মতে, মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করতে হলে শুধু মাদক উদ্ধার কিংবা বাহক গ্রেপ্তার করলেই চলবে না। তাঁদের আর্থিক লেনদেন, সম্পদের উৎস, ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তির মালিকানা অনুসন্ধান করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদ চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

ডিএনসির ভূমিকা নিয়ে প্রশ্ন, জনবল সংকটের কথা কর্তৃপক্ষের

মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তাঁদের অভিযোগ, মাদক কারবারিদের বিষয়ে তথ্য ও তালিকা থাকার পরও বড় কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর পদক্ষেপ কম। অনেক ক্ষেত্রে বাহক কিংবা খুচরা বিক্রেতারা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা আড়ালে থেকে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান বলেন, “আমাদের লোকসংকটের কারণে অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।”
এর আগে রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

তিনি বলেন, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের কাছে মাদক কারবারিদের বিষয়ে একাধিক তালিকা ও তথ্য থাকার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা দুঃখজনক।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এককভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়।
নগরীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: আরএমপি

গোদাগাড়ীর মাদক কারবারিদের একটি অংশ রাজশাহী মহানগরীতে অবস্থান করে ব্যবসা পরিচালনা করছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আরএমপির জিরো টলারেন্স নীতি রয়েছে।

তিনি বলেন, বর্তমান পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের কঠোর অবস্থানের কারণে নগরীতে মাদক কারবারিদের তৎপরতা অনেকাংশে কমেছে। অনেকেই মাদক ব্যবসা বন্ধ করেছে, আবার অনেকে গ্রেপ্তার হয়েছে।

তিনি আরও বলেন, “কেউ যদি মেট্রোপলিটন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে থাকে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মাদকমুক্ত গোদাগাড়ীর দাবি, প্রয়োজন সমন্বিত অভিযান
মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। বিশেষ করে হেরোইনের মতো ভয়াবহ মাদকের বিস্তার তরুণ সমাজকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। নষ্ট হচ্ছে পারিবারিক বন্ধন, বাড়ছে সামাজিক অস্থিরতা।
গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে হলে সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকানো, সরবরাহকারীদের শনাক্ত করা, মূল অর্থদাতাদের আইনের আওতায় আনা এবং অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান—সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতে হবে। শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, মাদকের পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যেই নিতে হবে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত পদক্ষেপ।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করবে। আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধের মধ্য দিয়েই গোদাগাড়ীকে মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত করা সম্ভব।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
17 November 2026

সীমান্ত থেকে নগরী—গোদাগাড়ীর মাদকের বিস্তৃত নেটওয়ার্ক

www.prokashkal.com |
/Prokashkal