
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পবা নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পবা নতুনপাড়া এলাকার মো. আনারুলের ছেলে মো. শাহিন (৩০) এবং বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকার মো. সোহরাব আলীর ছেলে মো. জামাল ওরফে জামু (৩৩)। এ সময় শাহিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে জামুর সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার শাহিনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দুটি এবং শাহমখদুম থানায় একটি মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
