
- নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালায়। এ সময় বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেকপোস্টের খবর পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যান। বাসের সুপারভাইজার জানান, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন।
তবে তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জিডিমূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
