আজ- , ,

থানায় সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক আচরণের নির্দেশ আরএমপি কমিশনারের

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক, মানবিক ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। একই সঙ্গে থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন ইউনিট’ হিসেবে গড়ে তোলা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মামলা তদন্তে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার। বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ কমিশনার অপরাধের খবর পাওয়ামাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মামলা দ্রুত ও সুষ্ঠুভাবে তদন্ত এবং অপরাধপ্রবণ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মামলা তদন্তে কোনো ধরনের অনৈতিক তদবির, চাপ কিংবা প্রভাবের কারণে কাউকে আসামি করা বা বাদ দেওয়া যাবে না বলেও নির্দেশ দেন পুলিশ কমিশনার। এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ, পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ দেন তিনি।

এ ছাড়া থানার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত, মামলা-সংশ্লিষ্ট নথিপত্র হালনাগাদ এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনসহ কোনো গোষ্ঠী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

সভায় অক্টোবর মাসের অপরাধ ও আইন প্রয়োগসংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে দেখা যায়, গত মাসে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১৩০টি মামলা দায়ের এবং ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ দশমিক ১০ গ্রাম হেরোইন, ৫ কেজি ৩২৬ দশমিক ৪০ গ্রাম গাঁজা, ৭৪৭ পিস ইয়াবা, ৪ হাজার ৭৮৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, অ্যালকোহল ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ১৯৫টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ ছাড়া আদালতের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৯ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ মোবাইল কোর্ট অভিযানে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
16 November 2026

থানায় সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক আচরণের নির্দেশ আরএমপি কমিশনারের

www.prokashkal.com |
/Prokashkal