
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর যুবদল নেতা মো. আশরাফুল হক আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
সোমবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানান গভীর সমবেদনা।
এদিকে, মৃত্যুর খবর পেয়ে সোমবার আশরাফুল হক আশরাফের বাসভবনে যান মাহফুজুর রহমান রিটন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
মো. আশরাফুল হক আশরাফ রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি শহীদ জিয়া শিশু পার্কের সাবেক সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একই দিন বাদ আসর বিকেল সাড়ে ৪টায় শহীদ জিয়া শিশু পার্কে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
