আজ- , ,

আইইবির নির্বাচনে বিএনপি প‍্যানেল থেকে রুয়েটের পাঁচ শিক্ষকের জয়

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

প্রকৌশলীদের পেশাগত বৈষম্য নিরসন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে জয় পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাঁচ শিক্ষক। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে তারা বিভিন্ন পদে নির্বাচিত হন। নির্বাচিত পাঁচজনই বিএনপিপন্থি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

নির্বাচনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি) পদে জয়ী হয়েছেন। কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অন্যদিকে, রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল এবং তড়িৎ ও তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।

নির্বাচিত হওয়ার পর প্রকৌশলীদের দাবি ও প্রত্যাশা কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রাজশাহী কেন্দ্রের প্রতিনিধি হিসেবে প্রকৌশলীদের মতামত, দাবি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে চান। একই সঙ্গে প্রকৌশলী সমাজের স্বার্থ, অধিকার ও পেশাগত মর্যাদা সুরক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন তিনি।

অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারও প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে তাদের বক্তব্য ও দাবিকে আরও জোরালোভাবে উপস্থাপন করতে হবে।

কাউন্সিল সদস্য অধ্যাপক ড. এইচ এম রাসেল মনে করেন, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রকৌশলীরা কর্মক্ষেত্রে প্রাপ্য স্বীকৃতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা নানা ক্ষেত্রে যোগ্যতা ও অবদানের যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সুনির্দিষ্ট বেতন কাঠামো বলে কিছু নেই। আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে প্রকৌশলীদের নিয়োগ, পদোন্নতি ও পদায়নে বৈষম্য দূরীকরণ, যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বন্টন, ন্যায্য বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা এবং নীতিনির্ধারণীতে প্রকৌশলীদের অংশগ্রহণ সুনিশ্চিত করা।”

তিনি আরও বলেন, নির্বাচিত কাউন্সিল সদস্য হিসেবে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রকৌশলীদের সমস্যা, দাবি ও প্রত্যাশা যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান। প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার।

এদিকে, প্রকৌশলীদের পেশাগত অধিকার ও বৈষম্য নিরসনের দাবিতে পরিচালিত ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্টের (ইআরএম) সঙ্গেও যুক্ত ছিলেন নির্বাচিত শিক্ষকরা। সংগঠনটির মৌলিক দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশেষ করে তরুণ প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

উল্লেখ্য, আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে গত ১২ নভেম্বর সারা দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে বিজয়ী প্রার্থীদের নাম জানানো হয়। ওই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪০৪ জন। ৩৮৮টি ভোট বৈধ হিসেবে গণনা করা হয় এবং ভোটদানের হার ছিল ৫৭ দশমিক ৮৮ শতাংশ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
16 November 2026

আইইবির নির্বাচনে বিএনপি প‍্যানেল থেকে রুয়েটের পাঁচ শিক্ষকের জয়

www.prokashkal.com |
/Prokashkal