
নিজস্ব প্রতিবেদক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সহিংসতা ও নাশকতার ঘটনার পর বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা
এড়াতে সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে পুলিশ ও এসআরবি।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ারও (এপিসি) মোতায়েন করা হয়েছে। এমনকি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েনকৃত সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।
পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
এদিকে, আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে। ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন তারা। খুলতে শুরু করে দোকানপাট। সড়কগুলোতে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এছাড়াও, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে জখম করে আওয়ামী নেতাকর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উল্লেখ্য, গতকাল দিনভর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অরজাকতা ও সহিংসতার মধ্যে সন্ধ্যার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। জেলাটির পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
অন্যদিকে, জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি. এম. সরফরাজ।
