নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
সরকারি সফরে রাজশাহীতে এসেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন।
এ সময় মন্ত্রী ও রাসিক প্রশাসক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। বিমানবন্দরে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারাও মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সফরসূচি অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগের আট জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় রাজশাহীর সম্ভাবনাময় কৃষি উৎপাদন এলাকা পরিদর্শন করবেন তিনি। এ সময় আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ সম্প্রসারণের বিষয়ে স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। আমবাগান, লিচুবাগান এবং হলুদ ও তুলার আন্তফসল চাষের এলাকাও পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
একই দিন বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সম্ভাবনাময় কৃষি উৎপাদন এলাকা পরিদর্শন ও স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগের বিভিন্ন জেলার আম, লিচু, কাঁচা মরিচ ও টমেটোচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
