
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় রিকশায় থাকা এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহত খায়রুল বাশার সৈয়দ বদরুল আলম (৬৫) রাজশাহী জেলা জজ কোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (অ্যাডভোকেট)।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কোর্ট থেকে ভেড়িপাড়া মোড়ের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে নগরীর আমানা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন দিক থেকে রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে রিকশাটি উল্টে যায় এবং বৃদ্ধ যাত্রী সড়কে ছিটকে পড়েন।
এ ঘটনায় আহতের ছেলে মোঃ আমির ফয়সাল রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করে পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
