
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন উত্তোলন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে সেই নির্বাচনের প্রথম ধাপে আমার দায়িত্বশীল পথচলা শুরু হলো। দাড়িপাল্লা প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। দাড়িপাল্লা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও সুশাসনের প্রতীক। জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।
এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুল। তিনি বলেন, অধ্যাপক আবুল কালাম আজাদ একজন সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ। শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং সমাজসেবায় তাঁর ভূমিকা সর্বজনবিদিত। পবা ও মোহনপুরের জনগণ এমন নেতৃত্বই প্রত্যাশা করে, যিনি কথা ও কাজে এক থাকবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান এবং উপাধ্যক্ষ আব্দুল আওয়াল। তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নৈতিক নেতৃত্ব ও সুশাসনের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামীর প্রার্থী সেই বিকল্প নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতারা জানান, তফসিল অনুযায়ী আগামী দিনের সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য।
