আজ- বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ২৬ তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

এর আগে আইন মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী রোববার নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন জুবায়ের রহমান চৌধুরী।

বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার অবসরে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটি চলমান থাকায় গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। ওইদিন রীতি অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেন।

তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: