
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শুরু হলো নতুন এক আনন্দযাত্রা। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর থেকে বিসিক সড়ক সংলগ্ন এলাকায় আধুনিক সুবিধাসম্পন্ন ‘শাহজাদপুর পৌর শিশু পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিল্কভিটার সাবেক পরিচালক জাকির হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন অর রশিদ, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার, আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী নয়ন ইসলাম, এবং এলাকার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ।
এছাড়াও পার্কটির ভবিষ্যৎ ব্যবহারকারী শিশুদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও এতে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, শাহজাদপুর পৌরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি শিশু পার্কের। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি। এখানে শিশুদের জন্য দোলনা, স্লাইড, বেঞ্চ, দৃষ্টিনন্দন গেট, আলোকসজ্জা ও নিরাপদ বাউন্ডারি নির্মাণ করা হবে। পাশাপাশি থাকবে বিশ্রামাগার ও বাগানঘেরা সবুজ পরিবেশ। এই পার্কটি শুধু শিশুদের বিনোদনের স্থানই নয়, বরং পুরো পরিবারের জন্য একটি প্রাণবন্ত মিলনকেন্দ্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, শিশুরা হলো জাতির ভবিষ্যৎ। তাদের মানসিক ও শারীরিক বিকাশে বিনোদন ও খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই এই পার্কটি নির্মিত হলে শহরের শিশু-কিশোরদের জন্য একটি সুস্থ ও নিরাপদ বিনোদনভূমি নিশ্চিত হবে।
স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন, সাবেক শিক্ষক আফসার আলীসহ অনেকে বলেন, শাহজাদপুরে এমন একটি শিশু পার্কের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। প্রতিটি পরিবার সপ্তাহান্তে শিশুদের নিয়ে যাওয়ার মতো কোনো খোলা পরিবেশ পেত না। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার শিশুরা প্রযুক্তিনির্ভর জীবন থেকে কিছুটা মুক্তি পাবে এবং প্রাকৃতিক পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে।
অভিভাবকরাও উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাদের মতে, এই পার্ক নির্মিত হলে একদিকে যেমন শিশুদের মানসিক বিকাশ ঘটবে, অন্যদিকে শাহজাদপুরের নগরায়ণের চেহারায় যুক্ত হবে এক নতুন নান্দনিক মাত্রা।
উল্লেখ্য, শাহজাদপুর পৌরসভা এলাকায় পার্ক ও উন্মুক্ত খেলার মাঠের অভাব বহুদিনের সমস্যা। শিশু পার্কটি নির্মিত হলে তা শহরের বিনোদন সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন সচেতন নাগরিকরা।
