আজ- , ,

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্সের প্রস্তুতিমূলক বিভাগীয় কনসালটেশন সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘Prevention of Violence and Harmful Practices Against Children and Women (PVHP)’ প্রকল্প এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ পিপিএম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। এ ছাড়া বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা সভায় উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, শিশুর আচরণ ও স্বাভাবিক বিকাশে পারিবারিক ও সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাই শাসনের নামে শিশুকে মারধর, অপমান বা ভয় দেখানোর মতো আচরণকে সহিংসতা হিসেবে বিবেচনা করে পরিবার ও সমাজে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও ঝরে পড়া, শিশুশ্রম ও অর্থনৈতিক অসচ্ছলতা, শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার, কিশোরী ও মেয়েশিশুদের বিভিন্ন ঝুঁকি এবং শিশু নিখোঁজের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা, তাদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের সুযোগ সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 September 2026

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

www.prokashkal.com |
/Prokashkal