আজ- বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানার তালপুকুরিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি কোম্পানির একটি দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, তালপুকুরিয়া সিটিহাট-কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের একটি আমবাগানে মো. জাহাঙ্গীর মন্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতে শপিং ব্যাগে বোমাসদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পায় সিপিএসসি কোম্পানির অপারেশন দল।

পরে এসআরবির একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে দুটি শপিং ব্যাগ দেখতে পায়। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় টর্চ ও সার্চলাইটের আলোতে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: