আজ- সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবির-সম্রাটের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক আবির হোসেন এবং সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখা।

সোমবার (১০ আগস্ট) নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। একই সঙ্গে রাজনৈতিক কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আলী বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আসামিদের গ্রেপ্তার করা না হলে রাজশাহীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আরেক যুগ্ম আহ্বায়ক জিতু অভিযোগ করেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি হীরা ও হেলালসহ মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে সংহতি প্রকাশ করে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামল বলেন, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকের ওপর হামলার ঘটনা মেনে নেওয়া হবে না। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

কর্মসূচির সঞ্চালক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহম্মেদ রেন্টু বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে রাজশাহীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে আবির হোসেন, তাঁর পরিবারের সদস্য এবং সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট হামলার শিকার হন। এ সময় তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আবির হোসেন রাজশাহী মহানগরের শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং দৈনিক গণকণ্ঠের ফটোসাংবাদিক। একই ঘটনায় দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাটও হামলার শিকার হন বলে জানানো হয়।

এ ঘটনায় শাহমখদুম থানায় মামলা হয়েছে। মামলায় হীরা ও হেলালসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মী ও সাংবাদিকরা।

কর্মসূচিতে রাজশাহী মহানগর ও বিভিন্ন থানা-ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং আবির হোসেনের পরিবারের সদস্যরা অংশ নেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: