
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জয়পুরহাট সদর উপজেলায় ৯২ দশমিক ৫৪ গ্রাম হেরোইনসহ মো. মঈন উদ্দিন তালুকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার বন্ধু ইউনিয়নের কোমড়গ্রাম (নলপুকুর) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর জয়পুরহাট সিপিসি-৩-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হিমচী থেকে বটতলীগামী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। ইজিবাইকটি থামার পর এর এক যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে অভিযানিক দলের সদস্যরা তাঁকে আটক করেন।
গ্রেপ্তার মঈন উদ্দিন তালুকদারের কাছ থেকে ৯২ দশমিক ৫৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। বিকেল ৫টা ৩০ মিনিটে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
