আজ- বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রামেবিতে দিনব্যাপী কর্মসূচি

by Prokash Kal
১৩ views

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় (ডিসিইসি ভবন) এবং রাজশাহীর সি অ্যান্ড বি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হকের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সি অ্যান্ড বি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাঁদের অবদানের কথা তুলে ধরেন।
কর্মসূচির শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের আত্মার মাগফিরাত ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: