আজ- শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী রক্ষার বার্তা ছড়িয়ে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক: 

ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ নদী রক্ষা, নাব্যতা সংকট দূরীকরণ, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পদ্মা’ শীর্ষক মিনি ম্যারাথন। পরিবেশ ও নদী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) ভোরে নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের সূচনা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নদী শুধু একটি জলধারা নয়; এটি দেশের পরিবেশ, অর্থনীতি, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই পদ্মাসহ দেশের সব নদ-নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগ ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। ‘রান ফর পদ্মা’ নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা তৈরির একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ, নিরাপদ এবং প্রাণবন্ত নদী নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের অভিনন্দন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় ৫৫০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে প্রায় ১৩৫ জন ছিলেন নারী।

অনুষ্ঠানে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ এর সম্পাদক লিয়াকত আলী, উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম সানি এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, ‘রান ফর পদ্মা’ কেবল একটি ক্রীড়া আয়োজন নয়; এটি দেশের নদী রক্ষায় জনসচেতনতা গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন। নদী বাঁচানো মানেই পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও দেশের টেকসই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা। এ লক্ষ্যেই তরুণ প্রজন্মসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: