
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী রেঞ্জের বিদায়ী উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম এবং পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এবং রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম।
বক্তারা বলেন, পেশাগত দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিকতার মাধ্যমে রাজশাহী রেঞ্জে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মো. আশিক সাঈদ। তাঁর দিকনির্দেশনা ও কর্মতৎপরতা সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর নতুন কর্মস্থলের সাফল্য কামনা করেন।
এ সময় পুনাক উপদেষ্টা শামীম আরা হকের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডেরও প্রশংসা করা হয়। তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মো. আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের সব পুলিশ সদস্যের সহযোগিতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের অ্যান্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর পুলিশ সুপারসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় ও রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
