
সাহিদ হাসান:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি গাঁজা, নগদ ৩৯ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও গাঁজা এ যাবৎকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জব্দ করা সর্বোচ্চ পরিমাণ মাদক।
শুক্রবার (৫ জুন) রাতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার যৌথ অভিযানে চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে বাঘা থানার ভানুকর এলাকার মো: আবেদ আলীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা, ৩৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই রাতে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো: আকবর আলী (৩২), একই থানার ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার মৃত রতনের ছেলে মো: সাকিব ওরফে অন্তর (২৬), একই থানার দাশপুকুর আলীর মোড় এলাকার মো: ফজলু রহমানের ছেলে মো: সিফাত হোসেন ওরফে কাউসার (২৪), একই থানার দাশপুকুর এলাকার মো: আক্কাস আলীর ছেলে মো: নাসির উদ্দীন (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন ও মাদক প্যাকেটজাত করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
