
এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার বামনায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা-রামনা সড়কের পাশে তানজিলা হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার এসআই আবদুর রহমান রনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তানজিলা হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় হোটেলের ভেতর থেকে ২০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডৌয়াতলা এলাকার ছগির মৃধা (৫৬), ছোনবুনিয়া এলাকার মিজান মল্লিক (৩৫), উত্তর ডৌয়াতলা এলাকার জামাল সর্দার, ডৌয়াতলা এলাকার ফাতিমা বেগম (৪৫) ও সীমা আক্তার (৪১)।
পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বামনা থানায় মামলা করা হয়েছে।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
