
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলায় আম চুরিকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত আব্দুর রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ জানায়, শনিবার (১১ জুলাই) রাতে র্যাব-৫ এবং র্যাব-২, যৌথ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. মকবুল হোসেন এবং ২ নম্বর আসামি মো. শাহিনুর রহমান ওরফে বুলবুলকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যায় মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আব্দুর রাজ্জাককে বাঁশের লাঠি ও ইট দিয়ে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
