
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রথযাত্রা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
সভায় রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের প্রতিনিধিরা উৎসব আয়োজনের বিভিন্ন দিক, প্রয়োজনীয়তা এবং নিরাপত্তা-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় তাদের মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় রথযাত্রা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উৎসবটি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; ভারপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম। এছাড়াও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডিজিএফআই, এনএসআই, র্যাবের প্রতিনিধিসহ রথযাত্রা-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
