আজ- মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্য ফিরিয়ে আনতে আধুনিকায়ন করা হবে রাজশাহী চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী

by Prokash Kal
২০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মে হারিয়ে যাওয়া এ চিড়িয়াখানার ঐতিহ্য পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, একসময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল এই চিড়িয়াখানা। তবে বছরের পর বছর অবহেলা ও অব্যবস্থাপনায় এর পরিবেশ ও কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এটিকে আধুনিকায়নের মাধ্যমে জনবান্ধব ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

তিনি জানান, চিড়িয়াখানাটিকে সাফারি পার্কের আদলে উন্নয়নের সম্ভাবনা যাচাই করতে শিগগিরই একটি বিশেষজ্ঞ দল রাজশাহী সফর করবে। তাদের সুপারিশের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পাশাপাশি চিড়িয়াখানা থেকে স্থানান্তর করা প্রাণীগুলোর বর্তমান অবস্থা এবং স্থানান্তর প্রক্রিয়াও খতিয়ে দেখা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রকল্পটি বাস্তবায়নে মন্ত্রণালয় উদ্যোগ নেবে।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং সবুজায়নে স্বল্প সময়েই দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: