আজ- , ,

রাজশাহীতে আত্মগোপনে থাকা ককটেল বিস্ফোরণে আহত নাজমুলকে আটক

by Prokash Kal

নিজস্ব প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়ে আত্মগোপনে থাকা মোঃ নাজমুল কবির নূরুলকে (৩২) রাজশাহী থেকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৫ জানান , গত ২৫ নভেম্বর শিবগঞ্জ উপজেলার একটি মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টমাস নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার বন্ধু নাজমুলও গুরুতর আহত হন। বিস্ফোরণে তার মাথা, হাত ও চোখে আঘাত লাগে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর নাজমুলের স্ত্রী তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে আসেন। বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর মহানগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসায় তাকে আত্মগোপনে রাখা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিএসসি, এসআরবি-৫-এর যৌথ অভিযানিক দল তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে আটক করে। পরে তাকে চিকিৎসা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআরবি-৫ জানায়, নাজমুলের স্ত্রী ও ফুপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকলেও তার কোনো পদ-পদবি নেই। নিহত টমাস তার বন্ধু ছিলেন এবং ককটেল ও বিস্ফোরক তৈরিতে পারদর্শী ছিলেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক তথ্যমতে, ঘটনার দিন দুপুরে টমাস নাজমুলকে ডেকে নিয়ে যান। পরে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটলে টমাস নিহত এবং নাজমুল আহত হন। গ্রেপ্তারের ভয়ে নাজমুল হাসপাতালে ভর্তি না হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি-৫।

এ ঘটনায় আর কারা জড়িত ছিলেন, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন এসআরবি-৫।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 November 2026

রাজশাহীতে আত্মগোপনে থাকা ককটেল বিস্ফোরণে আহত নাজমুলকে আটক

www.prokashkal.com |
/Prokashkal