আজ- , ,

রাজশাহীতে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদন :

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর শ্রীপুরামপুরে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মানুষের সেবার মহান ব্রত নিয়ে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সুনাম ও আস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। শত বছরের এই গৌরবময় পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। হাসপাতালটি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বর্তমান সরকার। দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। একটি আধুনিক, মানবিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে উন্নত অবকাঠামোর পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, শত বছর ধরে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় হাসপাতালটির ভূমিকা অনুকরণীয়। হাসপাতালটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিন।

এ সময় বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল।

অনুষ্ঠানে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 November 2026

রাজশাহীতে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

www.prokashkal.com |
/Prokashkal