আজ- শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্কের উদ্দ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-কে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল শিশুদের বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সচেতনতা উৎসব “শিশুর তুলিতে আগামী”। যুব নেতৃত্বাধীন ও সামাজিক সংগঠন ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্ক (YCN) এর উদ্যোগে নগরীর পিনাকল স্টাডি হোমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

উৎসবে কোমলমতি শিশুরা তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলেছে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের ছবি, যেখানে তারা মুক্ত বাতাসে শ্বাস নিয়ে বাঁচতে পারবে। আমাদের জলবায়ু এবং একটি টেকসই পৃথিবীর জন্য গাছপালা কতটা অপরিহার্য, শিশুদের তুলির আঁচড়ে সেই বার্তাই স্পষ্ট হয়ে উঠেছে। শৈশব থেকেই নতুন প্রজন্মের মনে প্রকৃতি রক্ষায় গাছের প্রয়োজনীয়তা এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শুরুতে ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্ক YCN-এর ডেপুটি ডিরেক্টর ইশরাত জাহান কনা শিশুদের সাথে প্রকৃতি ও পরিবেশ নিয়ে এক প্রাণবন্ত আলোচনায় মেতে ওঠেন। তিনি শিশুদের সহজ ভাষায় বুঝিয়ে বলেন, বেঁচে থাকার জন্য গাছ আমাদের কতটা প্রয়োজন এবং কেন প্রত্যেকের নিজ নিজ বাসায় অন্তত একটি করে গাছ লাগানো ও তার নিয়মিত পরিচর্যা করা উচিত। এরপর তিনি খেলার ছলে শিশুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঔষধি গাছের নামের সাথে পরিচয় করিয়ে দেন, যা কোমলমতি শিশুদের মাঝে দারুণ কৌতুহল সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ দিদারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের এখন বাড়ন্ত বয়স; এই বয়সে তারা যা দেখবে ও শিখবে, তা তাদের মনে সারা জীবন গেঁথে থাকবে। তাই এখন থেকেই যদি তাদের মাঝে পরিবেশ ও গাছের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ জ্ঞান বিনিময় করা যায়, তবেই তারা সচেতন হতে শিখবে এবং ভবিষ্যতে এর ফলপ্রসূ প্রভাব দেখা যাবে।” তিনি আরও যোগ করেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে যেমন খাদ্য, শিক্ষা ও বাসস্থান প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন সুস্থ প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সঠিক জ্ঞান। কারণ আগামী দিনের ‘চেঞ্জমেকার’ তো তারাই, তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি নিরাপদ ও টেকসই পৃথিবী।”

উক্ত উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS)-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন রনি। সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন YCN-এর সাধারণ সদস্য শামীমসহ স্থানীয় স্কুলের অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্য দিয়ে ৩ জন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীরা হলেন, প্রথম স্থান অধিকারী ঋত্বিকা সাহা (প্রথম শ্রেণী), দ্বিতীয় স্থান অধিকারী ইসরাত (দ্বিতীয় শ্রেণী) ও তৃতীয় স্থান অধিকারী, কথক সাহা (দ্বিতীয় শ্রেণী)।

বিজয়ী ৩ জন ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুর মাঝেই উপহার প্রদানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন, প্রতিটি শিশুর এই সৃষ্টিশীল প্রয়াস আগামী দিনে রাজশাহীর জলবায়ু ও পরিবেশ রক্ষায় কাজ করার বড় অনুপ্রেরণা জোগাবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: