
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার ব্যয় কমানো ও শিক্ষার মান উন্নয়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে রাজশাহীর বিভিন্ন কোচিং সেন্টারে অনিয়ন্ত্রিতভাবে ভর্তি ফি ও অন্যান্য খরচ বাড়ানোর অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়াত হোসেন মান্নত।
এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষানগরী রাজশাহীর বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি ফি, মাসিক ফি, মডেল টেস্ট ও নোটের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা আর্থিক চাপে পড়ছেন।
সাফায়াত হোসেন বলেন, ‘কোন নীতিমালার ভিত্তিতে এসব ফি নির্ধারণ করা হচ্ছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।’ তাঁর মতে, কোচিং সেন্টারগুলোর ফি কাঠামো প্রকাশ, শিক্ষার্থীদের যথাযথ রসিদ দেওয়া এবং অযৌক্তিক ফি আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, ‘শিক্ষাকে ব্যবসার পণ্য বানিয়ে শিক্ষার্থীদের জিম্মি করা যাবে না।’ শিক্ষা যেন কেবল আর্থিক সামর্থ্যের ওপর নির্ভরশীল না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে সাফায়াত হোসেন বলেন, অযৌক্তিক ফি দাবি করা হলে প্রতিবাদ করতে হবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। তাঁর ভাষায়, ‘শিক্ষা সবার অধিকার, ব্যবসার হাতিয়ার নয়।’
