
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় বিভিন্ন ধরনের ৪৮০টি যানবাহন তল্লাশি করে আইন লঙ্ঘনের অভিযোগে ৭০টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে ৪৪টি যানবাহন।
রোববার (১৫ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে আইন মেনে চলতে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আরএমপি।
